দুপচাঁচিয়ায় সন্ত্রাসী কালামসহ ৩ আসামি কারাগারে

জেলার দুপচাঁচিয়া উপজেলায় পুলিশের তালিকাভুক্ত তিন সন্ত্রাসীকে কারাগারে পাঠিয়েছে আদালত। এরা হলেন, উপজেলার গুনাহার ইউনিয়নের তালুচ পশ্চিমপাড়া গ্রামের ইউনিয়ন শ্রমিক নেতা আবুল কালাম (৩৮) একই গ্রামের সামাদুল ফকির (৬৫) ও হাপুনিয়া পাচোঁষা গ্রামের মাসুদ (৩৫)।
 
মঙ্গলবার দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আসামিরা একযোগে ১৪টি মামলায় জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
 
এ খবরে এলাকাবাসী মিষ্টি বিতরণ করেছে।
 
উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তার, সংখ্যালঘুদের সম্পত্তি দখল, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, চাঁদাবাজি, প্রতারণা ও ককটেল হামলাসহ বিভিন্ন ঘটনায় জেলার দুপচাঁচিয়া, জয়পুরহাটের একাধিক থানায় কালামের বিরুদ্ধে ২৩টি মামলা রয়েছে। কালামসহ এসব আসামি এক বছর ধরে পলাতক ছিলেন।