টঙ্গীতে ঝুট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

টঙ্গীর পাগাড় ফকির মার্কেট এলাকায় পূর্ব বিরোধের জের ধরে মো. রাজু আহম্মেদ (২৭) নামে এক ঝুট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রাজুর বাড়ি পাগাড় ফকির মার্কেট এলাকায়।

 
পুলিশ সূত্রে জানা যায়, রাজু ও তার পরিবারের সাথে জমি সংক্রান্ত ও ঝুট ব্যবসাকে কেন্দ্র করে এলাকার একটি সন্ত্রাসী গ্রুপের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত সোমবার রাতে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কোপায়। এসময় তার চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
টঙ্গী মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এঘটনায় নিহতের মা মমতাজ বেগম বাদী হয়ে গতকাল মঙ্গলবার একটি মামলা দায়ের করেন।
 

টঙ্গী মডেল থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।