কক্সবাজারের টেকনাফ উপজেলার পরিষদের চেয়ারম্যান জাফর আহমদের ছেলে ও উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাক আহমদকে (৩০) অপহরণ করা হয়েছে বলে দাবী করেছে তার পরিবার।
উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ জানান, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়ার বাড়ির সামনে থেকে অস্ত্রেরমূখে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর লোক পরিচয় দিয়ে আমার বড় ছেলে মোস্তাককে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে তার কোন খোঁজ খবর পাচ্ছি না।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রাতে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ পুকুর সংলগ্ন এলাকায় দুটি গাড়ি অবস্থান করছিল। কিছুক্ষণ পর ওই গাড়ি থেকে পাঁচজন লোক নেমে জাফর চেয়ারম্যানের বাড়ির সামনে যায়। এ সময় জাফর চেয়ারম্যানের বড় ছেলে মোস্তাক বাড়ি থেকে বের হয়ে একটি চেয়ারে বসলে প্রথমে দুজন লোক তার দিকে ছুঁটে এসে মাথায় অস্ত্র ধরে। এ সময় সে চিৎকার করলে আরও তিনজন অস্ত্রধারী লোক এসে তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে টেকনাফ বাসষ্টেশন হয়ে কক্সবাজারের দিকে চলে যায়।
মোস্তাককে ধরে নিয়ে যাবার খবর ছড়িয়ে পড়লে যুবলীগ ও স্থানীয় লোকজন জড়ো হয়ে বিক্ষোভ করে বাস স্টেশন এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এর কিছুক্ষণ পরে এলাকায় মাইকিং করে আজ বুধবার টেকনাফে কোন দোকানপাট ও সকল প্রকারের যানবাহন চলবে না বলে মাইকিং করা হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, উপজেলা চেয়ারম্যানের ছেলে ও যুবলীগ নেতা মোস্তাককে কে বা কারা তুলে নিয়েছে বলে খবরে বাস ষ্টেশন এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবস্থান করছে। কে বা কারা তুলে নিয়েছে সে ব্যাপারে কোন সংস্থা কিছুই জানায়নি।