ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে প্রচলিত আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে লেখালেখি করলে ব্লগারদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, ‘কোনো ধর্ম নিয়েই কটূক্তি করা যাবে না।’ গতকাল রাজধানীর গেন্ডারিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অধীন ঢাকা আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 
নিলয় হত্যাকাণ্ডের ঘটনায় মামলার তদন্তের ব্যাপারে তিনি বলেন, আমাদের কাছে যথেষ্ট ক্লু রয়েছে। আমরা অনুমান নির্ভর কিছু করতে চাই না। কাউকে গ্রেফতার করতে চাই না। তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে আমরা ব্যবস্থা নেব।
 

ব্লগার নীলাদ্রি যে থানায় জিডি করতে গিয়েছিলেন, সে থানার ওসি জিডি না নিয়ে তাকে বিদেশে চলে যেতে বলেছিলেন বলে পুলিশের তদন্তে প্রমাণিত হয়েছে। তারপরও কোন খুঁটির জোরে তিনি স্বপদে বহাল রয়েছেন— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি এমন কিছু প্রমাণ হয়ে থাকে, তাহলে আমরা ব্যবস্থা নেব। তিনি আরো বলেন, ব্লগার হত্যার ব্যাপারে অনেক আসামিকে ধরা হয়েছে। তাদের বিচার চলছে। ব্লগার অভিজিত রায় হত্যা মামলা মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের সহায়তায় অনেকটা এগিয়েছে।