কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে ১২টি কাপড়ের দোকান পুড়ে ছাই


কুড়িগ্রাম শহরের কাপড়পট্টীতে অগুন লেগে ১২টি কাপড়ের দোকান ও গুদাম পুড়ে গেছে। বুধবার ভোর ৫টার দিকে শহরের কাপড়পট্টীর আড়ং ফেব্রিক্স এর পিছনে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার ভোর ৫টার দিকে শহরের কাপড়পট্টীতে আগুন লাগার খবর পেয়ে কুড়িগ্রাম, উলিপুর, নাগেশ্বরী ও লালমনিরহাট ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভানোর কাজ শুরু করে। স্থানীয়দের সহায়তায় ৩ ঘণ্টা চেষ্টার পর সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সিরাজুল ইসলাম জানান, আগুন নেভাতে কুড়িগ্রামের ২টি ইউনিট, উলিপুরের ২টি ইউনিট, নাগেশ্বরীর ১টি ইউনিট এবং লালমনিরহাটের ২টি ইউনিট যৌথভাবে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি।

কুড়িগ্রাম বস্ত্র ব্যাবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এবং ৭টি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে অন্তত সাড়ে ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।