ডিএসইর লেনদেন বিলম্বে শুরু

 
ফের কারিগরি ত্রুটির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বিঘ্নিত হয়েছে। বুধবার ডিএসইর লেনদেন নির্ধারিত সময়ের চেয়ে ১ ঘণ্টা ৪০ মিনিট পর বেলা ১২টা ১০ মিনিটে লেনদেন শুরু হয়েছে। তবে লেনদেন দেরিতে শুরু হওয়ায় বেলা আড়াইটার পরিবর্তে ৪টা ১০ মিনিট পর্যন্ত লেনদেন হয়েছে ডিএসইতে। আর স্পট মার্কেটে বেলা আড়াইটা পর্যন্তই লেনদেন হয়েছে। অবশ্য, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে যথারীতি লেনদেন হয়েছে।
 
ডিএসই এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে—একটি বিচ্ছিন্ন অপারেশনাল ইস্যুর কারণে সকালে ডিএসইর ট্রেডিং কার্যক্রম বিলম্বে শুরু হয়। বিষয়টি মধ্যে চিহ্নিত করে সমাধান করা হয়েছে। ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
এ দিকে, বিনিয়োগকারীরা বলছেন—কয়েক দিন পরপর ডিএসইর লেনদেনে এ ধরনের কারিগরি ত্রুটির কারণে লেনদেন বিঘ্নিত হচ্ছে। এতে বিনিয়োগকারীদের ক্ষতিতে পড়তে হয়। বড় অঙ্কের অর্থ ব্যয় করে ডিএসইর সফটওয়্যার স্থাপন করা হলেও এ ধরনের কারিগরি ত্রুটি হতাশাজনক। এ বিষয়ে কর্তৃপক্ষের সঠিক পদক্ষেপ নেয়া প্রয়োজন।