‘সংশোধিত শ্রম আইনের গেজেট হচ্ছে’

 
২০১৩ সালের সংশোধিত শ্রম আইনের বিধিমালা শিগিগিরই গেজেট আকারে প্রকাশ হচ্ছে। জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
 
রবিবার রাজধানীর ইস্কটনে বিয়াম মিলনায়তনে কলকারখানা পরিদর্শকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নতুন নিয়োগপ্রাপ্ত ১৬০ পরিদর্শকের প্রশিক্ষণের এ কর্মসূচিতে সহায়তা করছে যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ড সরকার ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।
 
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের বক্তব্য রাখেন শ্রম সচিব মিকাইল শিপার, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন, কানাডার বেনয়ে পিয়েরে ল্যারামি, নেদারল্যান্ডস দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স মার্টিন হগসট্রেটেন, বাংলাদেশে আইএলওর কান্ট্রি ডিরেক্টর শ্রীনিভাস রেড্ডি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আহমেদ, বিয়ামের মহাপরিচালক ফজলুল হক প্রমুখ।
 
এ সময় বক্তারা নতুন নিয়োগপ্রাপ্ত পরিদর্শকদের সততা ও আন্তরিকতার সাথে কাজ করার পরামর্শ দেন। শ্রম প্রতিমন্ত্রী বলেন, মালিক বা শ্রমিকের প্রতিপক্ষ নয় বরং কারখানার সমস্যা সমাধানের লক্ষ্যে পরিদর্শকদের কাজ করতে হবে। তিনি বলেন শ্রমিক কল্যাণ তহবিলে ১০০ কোটি টাকা জমা আছে। এ অর্থ দুস্থ, আহত ও বেকার শ্রমিকদের মাঝে বিতরণ করা হবে।
 
ব্রিটিশ হাইকমিশনার বলেন. সব পোশাক কারখানার গ্রহণযোগ্য পরিদর্শন প্রয়োজন। এজন্য  আরও পরিদর্শক নিয়োগ করা দরকার। নেদারল্যান্ডসের চার্জ দ্য অ্যফেয়ার্স বলেন, এখনো অনেক কারখানায় কমপ্লায়েন্স প্রতিপালনে ঘাটতি রয়েছে।