ফ্লোরিডায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোয় শহিদুল আলম (৫৭) নামে বাংলাদেশি এক ডিপার্টমেন্টাল স্টোর ব্যবসায়ী বন্ধুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। শহীদুলের বাড়ি গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া এলাকায়। তিনি ফ্লোরিডায় স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন।
 
স্থানীয় সময় বুধবার রাত ১০টার দিকে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল) বাসায় যাওয়ার সময় অজ্ঞাত বন্দুকধারীরা তাকে গুলি করে। বুকে গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান বলে নিহতের চাচাত ভাই গোপালগঞ্জ শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহে আলম জানান।
 
তিনি জানান, ডিপার্টমেন্টাল স্টোর বন্ধ করে গাড়ি চালিয়ে বাসায় ফেরেন শহিদুল। গাড়ি পার্কিং করে বাসায় ঢোকার সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।