ভারতে তসলিমার ভিসার মেয়াদ বাড়ল

 
নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ আরো এক বছর বাড়িয়েছে ভারত সরকার। শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, তসলিমা নাসরিনের আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। জুলাইয়ের ২৩ তারিখ থেকে তার ভিসার মেয়াদ শুরু হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
 
নিজের অনুভূতি জানাতে গিয়ে পিটিআইকে তসলিমা বলেছেন, ভিসার মেয়াদ বাড়ানোয় তিনি খুশি। তবে তিনি এই মেয়াদ আরো বেশি সময় বাড়ার প্রত্যাশা করেছিলেন।
 
মৌলবাদীদের হুমকির মুখে ১৯৯৪ সালে দেশ ছাড়েন তসলিমা। সেই থেকে তিনি নির্বাসনে আছেন। ২০০৪ সাল থেকে তসলিমা প্রতিবেশী ভারতে থাকছেন।