‘চিত্রকলায় ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক জীবনচিত্র’ প্রদর্শনী

 

বাংলাদেশ বৈচিত্র্যপূর্ণ কৃষ্টি ও সংস্কৃতির এক অনুপম লীলাভূমি। আমাদের রয়েছে হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকার। ক্ষুদ্র জাতিসত্তার আচার অনুশীলন, জীবনচিত্র ও বিভিন্ন সুকুমার বৃত্তি আমাদের সংস্কৃতির তাত্পর্যপূর্ণ অংশ। বাংলাদেশে প্রায় ৫০টি ক্ষুদ্র জাতিসত্তার বসবাস রয়েছে। সেসব জাতিগোষ্ঠীর অধিকাংশেরই নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। পরিচর্যা ও সংরক্ষণের অভাবে তাদের ভাষা ও সাংস্কৃতিক অনুষঙ্গগুলো আজ যথাযথভাবে বিকশিত হচ্ছে না। সেগুলো সংগ্রহপূর্বক চিত্রশিল্পে উপস্থাপনের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি ৫-১৫ মার্চ ‘চিত্রকলায় ৫০টি ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক জীবনচিত্র’ শীর্ষক প্রদর্শনী আয়োজন করেছে। ৫ মার্চ থেকে শুরু হওয়া এ প্রদর্শনীটি জাতীয় চিত্রশালার ১নং গ্যালারিতে ১৫ মার্চ পর্যন্ত চলবে। ৫ মার্চ বিকেল ৪টায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নিজাম উদ্দিন, আদিবাসী ফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং এবং প্রদর্শনীর প্রধান সমন্বয়কারী শিল্পী কনক চাঁপা চাকমা। সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

উল্লেখ্য, এই কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গত ২১ থেকে ২৩ জুলাই ২০১৮ বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে ৫০ জন শিল্পী কয়েকটি ভাগে বিভক্ত হয়ে দেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী অঞ্চল পরিদর্শন করেছে।