প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরকালে বিক্ষোভ করবে বিএনপি

 
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সময় বিক্ষোভ কর্মসূচি করবে যুক্তরাষ্ট্র বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। স্থানীয় সময় রবিবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট যুবদল ও ছাত্রদলের কর্মী সমাবেশে এই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন যুক্তরাষ্ট্র বিএনপির বিদায়ী সভাপতি আলহাজ আব্দুল লতিফ সম্রাট।
 
এ সময় তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, বাংলাদেশে স্বাধীনতা, গণতন্ত্র, রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ হাসিনাকে প্রতিহত করতে হবে।
 
যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন এবং যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি আতাউর রহমান আতার যৌথ সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতা ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, আলহাজ সোলায়মান ভূঁইয়া, মোস্তফা কামাল পাশা বাবুল, আনোয়ারুল ইসলাম, গিয়াস উদ্দিন, সৈয়দ এম. রেজা, সৈয়দা মাহমুদা শিরীন, কাজী আজহারুল হক মিলন, সাদী মিন্টু, মাহফুজুল মওলা প্রমুখ।
 
সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতা গিয়াস আহমেদ বলেন, বাংলাদেশে আইনের শাসন নেই। সরকার উন্নয়নের ফিরিস্তি তুলে ধরলেও দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। এ অবস্থা বেশিদিন চলতে থাকলে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত হবে। তিনি অবিলম্বে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান।