নিউইয়র্কে কাব্য আড্ডায় কবি কামাল চৌধুরী

‘ভাষাগত কারণে বিশ্বসাহিত্যে বাংলা কবিতা পৌঁছাতে পারছে না’

 
যুক্তরাষ্ট্র সফররত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কবি কামাল চৌধুরী বলেছেন, বাংলা ভাষাভাষী অনেক কবি বিশ্বমানের কবিতা লিখছেন। কিন্তু তা বিশ্বসাহিত্যে পৌঁছাতে পারছে না ভাষাগত কারণে। স্থানীয় সময় রবিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে কাব্য আড্ডার আয়োজন করা হয়। নিউইয়র্কের বাংলা ভাষাভাষী কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সুধীজনেরা এতে অংশ নেন।
 
কামাল চৌধুরী বলেন, অনুবাদ করলেই যে কবিতার মৌলিকতা রক্ষা হবে তা নয়। তাই অনুবাদ নির্ভর হওয়া চলবে না।
 
তিনি আরো বলেন, আমাদের কবিতার ভাল সমালোচক নেই। বই বের হচ্ছে সম্পাদনা ছাড়াই। প্রকাশকেরা শুধু প্রুফ দেখেন। এ কারণে অনেকের বই বেরুচ্ছে, কিন্তু মান আছে কী নেই সেটা কেউ লক্ষ্য রাখছেন না। বইমেলায় তাদের বই বিক্রিও হচ্ছে।
 
কামাল চৌধুরী বলেন, একজন কবির কাজ অন্বেষণ করা, আবিষ্কার করা নয়। তার ভেতরে সবসময় অতৃপ্তি ও অন্বেষণ করার তাগিদ থাকতে হবে। মননশীলতা ও সৃজনশীলতার সমন্বয়ে কবিতা রচনা করতে হবে। পঠন-পাঠন অব্যাহত রাখতে হবে।
 
কবিতা সম্পর্কে কামাল চৌধুরী বলেন, শিক্ষক বা সমালোচকদের কাছে কবিতা টেক্সট হয়ে যায়। টেক্সট কবিতা নয়। এগুলো নিয়ে কবিরা ভাববে না। কবিরা স্বাধীন। শব্দে-ছন্দে-ব্যঞ্জনায় একজন কবি স্মৃতিময়তার মধ্যে ঢুকে গেলেই তার কবিতার সার্থকতা।
 
কাব্য আড্ডার আয়োজক ছিলেন কবিবন্ধু নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক ও সমাজকর্মী আকবর হায়দার কিরণ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও লেখা পাঠ করেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল  মো. শামীম আহসান, কবি শামস আল মমিন, কবি তমিজউদ্দিন লোদী, লেখক ও সাংবাদিক দর্পণ কবীর, মিলি সুলতানা, সোনিয়া কাদির, কাজী জহিরুল ইসলাম, জিএইচ আরজু, শাহাদাত হোসেন সবুজ প্রমুখ।