ভাঙা টাইলস বর্জ্য ব্যবস্থাপনা

গত কয়েক বছরে গাজীপুরে অন্যান্য শিল্পের সঙ্গে সিরামিক্স শিল্পেরও ভালো বিস্তৃতি ঘটেছে। সিরামিক্স শিল্পের অন্যতম একটি পণ্য হচ্ছে টাইলস। সব ধরনের পণ্যেরই কিছু উপজাত পণ্য ও কিছু নষ্ট বা বাতিল পণ্য তৈরি হয়। এগুলো সাধারণত বর্জ্যের আওতাধীন এবং বেশিরভাগ ক্ষেত্রে প্রকৃতির জন্য সহনশীল নয়। টাইলস উত্পাদনের সময়ও কিছু টাইলস বর্জ্যে পরিণত হয়। চায়না ক্লে, জিপসাম, সিলিকা, ক্যালসিয়াম অক্সাইড ও বিভিন্ন ধরনের সালফার মিশ্রিত অনেকগুলো রাসায়নিক যৌগের সমন্বয়ে তৈরি হওয়া টাইলস সাধারণত খুব শক্ত প্রকৃতির হওয়ায় তা পানিতে দ্রবীভূত হয় না। মাটিতে অনেক দিন ফেলে রাখলেও তা পচে না বা গলে যায় না। যদি গুঁড়ো করে মাটিতে মেশানো হয় তবে অনেকদিন পর্যন্ত তা মাটির সঙ্গে সরাসরি মিশেও যায় না।

গাজীপুরের বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে ভরাট কাজে, ফসলি জমির মধ্যে এবং রাস্তার কাজে এই ভাঙা টাইলস ব্যবহার করা হচ্ছে। সঠিক বর্জ্য ব্যবস্থাপনার আওতায় টাইলসগুলোকে রাস্তার কাজে ব্যবহার করা গেলে সেটা হতে পারে একটি সফলতার দিক। টাইলসের গুঁড়া এবং রাস্তা তৈরির উপাদান মিলিয়ে রাস্তা মেরামত কাজে ব্যবহার করে দেখা যেতে পারে যে তা কতদিন স্থায়ী হয়। এতে একদিকে বর্জ্য ব্যবস্থাপনা হবে, অন্যদিকে হবে পরিবেশ সম্মত। টাইলসের গুঁড়া অপচনশীল হওয়ায় ফসলি জমিতে ফেললে তা মাটির সঙ্গে মিশে জমির উর্বতা নষ্ট করতে পারে, পিএইচের ভারসাম্য নষ্ট করতে পারে এবং মাটির প্রয়োজনীয় উপাদানের ওপর প্রভাব বিস্তার করতে পারে। আশা করি, শিল্প মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তর মিলিতভাবে বিষয়টি গবেষণাপূর্বক সঠিক বর্জ্য ব্যবস্থাপনায় আনার ব্যাপারে কার্যকর ভূমিকা পালন করবে।

সাঈদ চৌধুরী

শ্রীপুর, গাজীপুর