ভারতে বিনিয়োগে আগ্রহী গার্মেন্টস উদ্যোক্তারা। একটি ব্যবসায়ী প্রতিনিধিদল সম্প্রতি ভারতের গুজরাট সফর করে সেখানে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করে এসেছেন। সেখানে গার্মেন্টস কারখানা স্থাপন সুবিধাজনক বলে মনে করছেন তারা।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদের নেতৃত্বে গার্মেন্টস খাতের নেতাদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল গুজরাট সফর শেষে সম্প্রতি দেশে ফিরেছে।
সফরকালে তারা শিল্প স্থাপনের জন্য সম্ভাব্য তিনটি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন। বৈঠক হয়েছে গুজরাটের উচ্চ পদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে।