টটেনহ্যাম কোচ মরিচিও পচেত্তিনো বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে দলের ১-০ জয়ে গোলদাতা হ্যারি কেইন ও হুগো লোরিসের নৈপুণ্যের প্রশংসা করেছেন। জার্মান ক্লাবটির বিরুদ্ধে দুই লেগ মিলিয়ে ৪-০ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো। গত মঙ্গলবার রাতের গোলটি ছিল ইউরোপিয়ান প্রতিযোগিতায় কেইনের ২৪তম গোল। এর মধ্য দিয়ে ইংলিশ স্ট্রাইকারটি টটেনহ্যামের হয়ে ইউরোপে সর্বোচ্চ গোলদাতা হলেন। তাই কেইনের প্রশংসা করে আর্জেন্টাইন এই কোচ বলেন,‘আমি খুবই খুশি। আপনারা খুব ভালো করেই জানেন তাকে নিয়ে আমার আবেগ কতখানি। সে বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন। আমি তাকে অভিনন্দন জানাই।’ অপরদিকে গোলরক্ষক লোরিসের প্রশংসার কারণ টটেনহ্যামের হয়ে ১০০টি খেলায় গোলপোস্টে বল যেতে না দেয়ার ঘটনা।