ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয় আরো একজন।
মঙ্গলবার দুপুর তিনটায় শহরের বাসস্ট্যান্ড এলাকার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের পশু হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিউলি আরা (১৯) সদর উপজেলার সালন্দর ইউনিয়নের শাসলা পিয়ালা এলাকার আবু সাঈদ মাস্টারের মেয়ে। এ ঘটনায় গুরুতর আহত হয় শিউলির স্বামী আশরাফুল মন্ডল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, শহরে কাজ শেষে দুপুরের দিকে বাসস্ট্যান্ড এলাকা দিয়ে মোটরসাইকেল যোগে শাসলা পিয়ালা এলাকায় বাসার দিকে যাচ্ছিলেন আশরাফুল ইসলাম ও তার স্ত্রী শিউলি আরা। এ সময় পশু হাসপাতালের সামনে একটি মালবাহি ট্রাককে ওভারটেক করতে গেলে ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে শিউলি আরা ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেল চালক আশরাফুল মন্ডল।
পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তবরত চিকিৎসক শিউলি আরাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার এস.আই. সাইফুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। পরবর্তীতে কোন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/নূহু