আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে মানববন্ধন

ইত্তেফাক ডেস্ক

“সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ পালন উপলক্ষে বুধবার বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

খুলনা: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খুলনা জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক দপ্তর, বেসরকারি সংস্থা ও বিভিন্ন নারী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে নগরীর শেরে বাংলা রোডস্থ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সামনে মানববন্ধন হয়। খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস ফাতেমা জামিনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন খুলনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইশরাত জাহান। বক্তৃতা করেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. আবুল আলম, নারী নেত্রী শামীমা সুলতানা শিলু প্রমুখ।

রংপুর: রংপুরে জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা হয়। নগরীর কাচারী বাজার জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় মহিলা সংস্থা জেলা বিষয়ক কর্মকর্তা কাওসার পারভিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুকরিয়া আখতার, জেলা নারী সংস্থার চেয়ারম্যান রোজী রহমান, শিক্ষাবিদ অধ্যক্ষ ফখরুল আলম বেন্জু প্রমুখ।

মুন্সীগঞ্জ: সকালে পতাকা ‘৭১ ভাস্কর্য প্রাঙ্গণে মানববন্ধন হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন নারী কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠন, স্কুল-কলেজের ছাত্রীসহ নানা শ্রেণির নারী অংশ নেন।

লালমনিরহাট: লালমনিরহাট শহরের মিশন মোড় চত্বরে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে মানববন্ধন হয়। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কর্যালয়ের আয়োজনে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহামম্মদ শফিউল আরিফ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, জেলা মহিলা সংস্থার সভাপতি বেগম জিল্লে আরশে এলাহী, জেলা পরিষদ সদস্য মেহেরুন নাহার মেরী প্রমুখ।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মানববন্ধন হয়। ঢাকা-রায়পুর মহাসড়কের জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে  এই কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা: জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ প্রমুখ।

বাগেরহাট: বাগেরহাট প্রেসক্লাবের সামনে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি- বেসরকারি উন্নয়ন সংস্থার আয়োজনে মানববন্ধন হয়। মানববন্ধনে সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কয়েকশ’ নারী-পুরুষ অংশ নেন। সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থার মধ্যে ছিল মহিলা পরিষদ, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, উপজেলা নারী উন্নয়ন ফোরাম, রূপান্তর, সনাক, প্রেসক্লাব, ব্রাক, নার্সিং ইনস্টিটিউট, অগ্রযাত্রা, জাতীয় মহিলা সংস্থা। মানববন্ধনে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের বাগেরহাট কার্যালয়ের উপ পরিচালক হাসনা হেনা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুজ্জামান, জেলা প্রশাসনের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা প্রমুখ।

রাজবাড়ী: জেলা শিল্পকলা একাডেমি চত্বরে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মানববন্ধন হয়। এতে বক্তব্য রাখেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, রাজবাড়ী এলজিইডির নির্বাহী প্রকৌশলী খান এ শামীম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে-সফুরা-ফেরদৌস প্রমুখ।

নেত্রকোনা: নেত্রকোনা শহরের পুরাতন কালেক্টর অফিস সড়কে বিশাল মানববন্ধন হয়। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে নারী নেত্রী মনোয়ারা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা মহিলা বিষয়ক অফিসার ফেরদৌসী বেগম, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামসুন্নাহার বিউটি, নারী নেত্রী কোহিনূর বেগম প্রমুখ।

কিশোরগঞ্জ: ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তরের যৌথ উদ্যোগে মানববন্ধন হয়। জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন সড়কে মানববন্ধনে  প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও বেসরকারি উন্নয়ন সংস্থা ও স্বেচ্ছাসেবী নারী সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মামুন অর রশীদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী ও পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কেয়ার প্রতিনিধি  তমিজউদ্দিন আহমদ ও কামরুননাহার, বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিনিধি সুলতানা রাজিয়া প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া: আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে জাতীয় মহিলা সংস্থা ব্রাহ্মণবাড়িয়া শাখা। স্থানীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র নায়ার কবির। জেলা মহিলা সংস্থার সভাপতি ফরিদা নাজমীনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, সাবেক সভাপতি মো. আরজু, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি প্রমুখ।

নীলফামারী: শহরের স্মৃতি অম্লান চত্বরে (চৌরঙ্গী মোড়) ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক নাজিয়া শিরিন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মাদ আতিকুর রহমান, নারী নেত্রী শামীমা বেগম প্রমুখ। এছাড়াও জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন, ব্র্যাক, আরডিআরএস বাংলাদেশ, ওয়ার্ল্ড ভিশন, টিআইবি (সনাক), ইউএসএস, ল্যাম্বসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ: জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। মানববন্ধন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার শারমিন শাহজাদীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপ-পরিচালক দিলখোশ জাহান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মেহেদী হাসান, মহিলা পরিষদ সভাপতি মনিরা সুলতানা মনি প্রমুখ।

ঝিনাইদহ: জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে  একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন হয়। এসময় ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শামসুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন প্রমুখ বক্তব্য রাখেন।

মাদারীপুর: জেলা সদরের স্বাধীনতা অঙ্গন সংলগ্ন প্রধান সড়কে মানববন্ধন হয়। সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মানববন্ধনে পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অ.দা.) মাহমুদা আক্তার কণা, সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মো. শহীদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।