বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছে এবং আহত হয়েছে সাতজন। এ বিষয়ে খবর জানিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা:

বরিশাল: গত মঙ্গলবার সন্ধ্যায় বানারীপাড়া উপজেলার বিশারকান্দি শেরে বাংলা ডিগ্রি কলেজ সংলগ্ন জাইকা ব্রিজের অ্যাপ্রোচ সড়কে দুর্ঘটনা ঘটে। এ সময় ব্যাটারিচালিত ইজিবাইকের চাকা ভেঙে ইস্রাফিল হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধ নিহত ও দুই স্কুল ছাত্র আহত হয়েছে।

গৌরীপুর (ময়মনসিংহ) : গৌরীপুরে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। গত সোমবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার ফতেপুর পল্লী বিদ্যুত্ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জৈন্তাপুর (সিলেট) : সিলেট-তামাবিল মহাসড়কের বাঘের সড়ক এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয় একজন এবং আহত হয় তিনজন। 

জানা যায়, সকাল ৭টার সময় গোয়াইনঘাট উপজেলার বাঘের সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা বৈদ্যুতিক খুঁটির উপর উল্টে পড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হয় একজন। তার নাম জাহিদ হোসেন (৩২)। আহত হয় তিনজন। নিহত যাত্রী ঢাকা তুরাগ থানার উত্তরা ১৪নং সেক্টরের বাইলঝুড়ি এলাকার বাসিন্দা কবির হোসেনের ছেলে।

লোহাগাড়া (চট্টগ্রাম): লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া পেঠান শাহ গেইট এলাকায় বেলা সাড়ে বারোটার দিকে কাভার্ডভ্যানের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। শিশুর নাম আবু বক্কর (১০)।

সে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার জাকের হোসেনের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ওসি মোঃ মিজানুর রহমান।

শিবালয় (মানিকগঞ্জ): ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ডের কাছে গত মঙ্গলবার রাতে সিএনজি আরোহীর ভ্যানিটি ব্যাগ ছিনতাই চেষ্টাকালে একজনের মৃত্যু ঘটে। শিবালয় উপজেলার বোয়ালী ডাক্তারখানা বাসস্ট্যান্ডে চা দোকানদার সাঈদের স্ত্রী বেদানা বেগমের (৪৮) ভ্যানিটি ব্যাগ ছিনতাই চেষ্টাকালে রাস্তায় ছিটকে পড়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ছিনতাইকারী কারচালক নিয়ন্ত্রণ হারিয়ে হিমাংশু নামে এক বাইসাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে। সে রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে। এ সময় দুজন ছিনতাইকারীকে আটক করা হয়। আটককৃত দুই ছিনতাইকারী সাভার রাজাসন এলাকার রশিদের পুত্র মাসুদুর রহমান ও ফরিদপুর  কোতোয়ালী থানার তাহেরের পুত্র নূর ইসলাম।

মানিকগঞ্জ: শিবালয়ে প্রাইভেটকার চাপায় সজিবুর রহমান (৭০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সকাল ৬টার দিকে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের মেঘাফিড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ প্রাইভেটকারসহ চালককে আটক করেছে। নিহত সজিবুর রহমানের বাড়ি শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের ষাটঘর তেওতা গ্রামে।

নারায়ণগঞ্জ: ফতুল্লার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে একটি কাভার্ড ভ্যানের চাপায় মঞ্জুর মাজেদ (৩২) নামে মোটর বাইকের আরোহী এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। সকালে ফতুল্লার ভুঁইগড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে খানপুর ৩শ’ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মঞ্জুর মাজেদ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার খোদাইবাড়ি গ্রামের আবদুল মজিদের ছেলে।

পাংশা (রাজবাড়ী): পাংশায় সড়ক দুর্ঘটনায় শিকু মোল্লা (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সে উপজেলার হাবাসপুর ইউনিয়নের পশ্চিম চরঝিকরি গ্রামের জামাল মোল্লার ছেলে। দুপুর আড়াইটার দিকে পাংশা-বাহাদুরপুর আঞ্চলিক সড়কের সরদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।