সারাদেশে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার শতাধিক

ইত্তেফাক ডেস্ক

সারাদেশে মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ শতাধিক ব্যক্তি গ্রেফতার হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

মাগুরা: মাগুরায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এই অভিযানে পুলিশ মাগুরা সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করে।

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১ হাজার ২৬৫ পিস ইয়াবাসহ বেশ কিছু মাদকদ্রব্য। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রংপুর:রংপুর মহানগরীর আদালত পাড়া কাচারি বাজারে র্যাব-১৩ অভিযান চালিয়ে ৩০২ ক্যান বিদেশি বিয়ার এবং ৪৮ বোতল বিদেশি মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। র্যাব-১৩ রংপুর জানায়, আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় রংপুর মহানগরীর কোতোয়ালি থানার কাচারি বাজার এলাকায় ম্যাগডোনাল্স ফাস্ট ফুড এন্ড বেকারির দোকানে অভিযান চালিয়ে ৩০২ ক্যান বিদেশি বিয়ার এবং ৪৮ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী মো. শাহিন রহমানকে গ্রেফতার করে।

বরিশাল: বরিশাল র্যাব-৮ এর সদস্যরা সদর দপ্তর থেকে মঙ্গলবার রাতে ইয়াবাসহ নারী বিক্রেতা মহরজান বেগমকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা বিক্রির সাড়ে তিন লাখ টাকা। এই ঘটনায় র্যাবের ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রাইভেটকার থেকে ২০ কেজি গাঁজাসহ মো. আব্দুস সালাম ও মো. নাঈম হোসেন নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪। বুধবার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চৌরঙ্গী এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সরাইল থানায় মাদক আইনে মামলা হয়েছে।

তালা (সাতক্ষীরা): তালা উপজেলার পাটকেলঘাটায় তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। মঙ্গলবার গভীর রাতে পাটকেলঘাটার হারুন অর রশিদ কলেজের মেহগনী বাগান থেকে ইয়াবা বিক্রিকালে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কচুয়া (চাঁদপুর): কচুয়ায় মঙ্গলবার রাত ৯টার দিকে পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে উপজেলাধীন পালাখাল মডেল ইউনিয়নের বাজার সংলগ্ন মন গাজী বাড়ির শীর্ষ মাদক ব্যবসায়ী আব্দুল মালেকের গৃহে তল্লাশি চালায়। এ সময় ২২০ পিস ইয়াবা, ৩৪ বোতল ফেনসিডিল, দেড় কেজি গাঁজা, মাদক সেবনের সরঞ্জামসহ মাদক বিক্রির নগদ ২১ হাজার ৭২০ টাকা উদ্ধার করা হয়। পুলিশ এ সময় আব্দুল মালেকের সহযোগী একই গ্রামের ফরহাদ ও রাজুকে গ্রেফতার করে।