বরিশাল অফিস ও বাকেরগঞ্জ সংবাদদাতা
বাকেরগঞ্জের খয়রাবাদের বালিগ্রাম তিন রাস্তার মোড়ে ফয়সাল রহমান প্রিন্স (২৫) নামের একজন যুবক ছিনতাইকারীদের হাতে নির্মমভাবে খুন হয়েছে। ফয়সাল রহমান প্রিন্স মঙ্গলবার রাত ১১টায় নিজের মোটরসাইকেলে বালিগ্রাম থেকে বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে বালিগ্রাম তিন রাস্তার মোড়ে ওত পেতে থাকা কতিপয় ছিনতাইকারী গতিরোধ করে তার মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে তাকে ইট দিয়ে থেঁতলে দেয়। বুধবার ভোরে বাকেরগঞ্জ থানা পুলিশ সংবাদ পেয়ে স্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহালের জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করে।
বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ উদ্দিন জানান, এ ঘটনায় মোট সাতজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে চারজন খুনের সঙ্গে জড়িত এবং অপর তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা মো. নুরুল ইসলাম মামলা দায়ের করবেন বলে থানা পুলিশ জানায়।
০০