বিজিএমইএ নির্বাচনে ঢাকায় ২৬ পরিচালক পদে লড়বেন ৪৪ জন চট্টগ্রামে ৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

ইত্তেফাক রিপোর্ট

গার্মেন্টস শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র নির্বাচনের জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকা গতকাল প্রকাশ করেছে নির্বাচন পরিচালনা বোর্ড। এতে দেখা গেছে, পরিচালনা পর্ষদের ৩৫টি পদের বিপরীতে ঢাকা ও চট্টগ্রাম  অঞ্চল মিলিয়ে ৫৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। এর মধ্যে ঢাকা অঞ্চলের জন্য ২৬ পরিচালক পদের বিপরীতে ৪৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আর চট্টগ্রাম অঞ্চলে ৯ পরিচালক পদের বিপরীতে ১০ জন মনোনয়নপত্র দাখিল করলেও একজন মনোনয়নপত্র প্রত্যাহার করায় সেখানে আর নির্বাচনের প্রয়োজন হবে না। অর্থাত্ চট্টগ্রাম অঞ্চলে ৯ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। আগামী ৬ এপ্রিল নির্বাচনে  কেবল ঢাকা অঞ্চলের ২৬ পরিচালক পদের জন্য লড়বেন ৪৪ জন। এর পর ৩৬ পরিচালকের ভোটে একজন সভাপতি ও সাতজন সহ-সভাপতি নির্বাচিত হবেন।

অতীতে বিজিএমইএ’র নির্বাচনে ‘সম্মিলিত পরিষদ’ ও ‘ফোরাম’ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে আসলেও এবার সমীকরণ ভিন্ন। সমঝোতার অংশ হিসেবে উভয় প্যানেল এক হয়েছে। এই প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদী গ্রুপের প্রধান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের সহধর্মিণী রুবানা হক। আর স্বাধীনতা পরিষদ নামে নতুন একটি প্যানেল সমঝোতার নেতৃত্ব প্রত্যাখ্যান করে নির্বাচনে  নেমেছে, যার নেতৃত্ব দিচ্ছেন ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেডের প্রধান জাহাঙ্গীর আলম। ফলে নানা আলোচনার পর অবশেষে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।