গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে শ্রমিক লীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর এবং পাঁচ নেতা-কর্মীকে আহত করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হযরত আলী জানান, মঙ্গলবার দুপুরে বানিয়ারচালা এলাকায় অবস্থিত জাতীয় শ্রমিক লীগের ইউনিয়ন কার্যালয়ে স্থানীয় কাজল সরকারের নেতৃত্বে একদল সন্ত্রাসী দলীয় কার্যালয়ে ঢুকে চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ব্যাপক ভাঙচুর চালায়। এসময় তাদের হামলায় শ্রমিকলীগের কর্মী আবু শ্যামা, মোজাম্মেল হোসেন, আকরাম হোসেন, হাছেন আলী, হোসেন আলী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতেই তিনি বাদী হয়ে কাজল সরকারসহ সাত জনের নামে ও ২৫-৩০ জনকে অজ্ঞাত আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেছেন।
জয়দেবপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, শ্রমিক লীগের কার্যালয়ে হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।