লোহাগাড়া (চট্টগ্রাম) চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের বেপারী পাড়ার মুক্তিযোদ্ধা জালাল আহমদ খলিফা (৮০) দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, জালাল আহমদ খলিফার (৭০) নির্বাচনের সময় বঙ্গবন্ধুর প্রার্থীর পক্ষে কাজ করতে গিয়ে গুলিতে ডান চোখ হারান। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭৩ সালে তিনি বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। দীর্ঘদিন বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
যুদ্ধকালীন কমান্ডার মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান চৌধুরী জানান, জালাল তত্কালীন অবিভক্ত সাতকানিয়া-লোহাগাড়ায় ১নং সেক্টরের তত্ত্বাবধানে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হলেও তিনি এখনো পর্যন্ত মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেনি। ফলে মুক্তিযোদ্ধা ভাতাও পান না তিনি। সুচিকিত্সার জন্য তার পাশে দাঁড়ানো উচিত। জালাল আহমদের ছেলে কাইসার হাসান বাপ্পি বলেন, দীর্ঘদিন ধরে বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার চিকিত্সা ব্যয় বহন করতে গিয়ে তাদের পরিবার অনেকটা নিঃস্ব। উন্নত চিকিত্সার জন্য বাবাকে বিদেশে নিয়ে যেতে না পারলে বাচানো যাবে না। এ জন্য তার পরিবার প্রধানমন্ত্রীর চিকিত্সা সহায়তা কামনা করেছেন।