ইঁদুর ধরতে না পারলে বিড়াল রেখে লাভ কি!

হাইকোর্ট বলেছে, দুর্নীতি দমন কমিশনকে (দুদক) স্বাধীনতা দেওয়া হয়েছে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এ প্রতিষ্ঠানটিকে সুপারিশের মধ্যে না থেকে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দুদক সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি হোক, সেটা চাই না। কিন্তু যে বিড়াল ইঁদুর ধরতে পারে না তা রেখে লাভ কি? ‘২৬ মামলার ভুল আসামি জাহালম’ কে নিয়ে দুদকের দাখিলকৃত জবাবের শুনানিকালে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এ মন্তব্য করেন। দুদক আইনজীবীর উদ্দেশে হাইকোর্ট বলেন, অধিকতর তদন্তে যখন জাহালম নির্দোষের বিষয়টি জানতে পারলেন, তখন উচিত ছিল জামিনের ব্যবস্থা করা। কিন্তু আপনারা (প্রসিকিউশন) সেটা করেননি। সে একাধিকবার আদালতে বলেছে, আমি সালেক নই, জাহালম। এর দায় আপনাদের নিতে হবে। পাশাপাশি ৩৩টি মামলার এজাহার ও অভিযোগপত্র আদালতে দাখিলের নির্দেশ দিয়ে ১০ এপ্রিল শুনানির জন্য দিন ধার্য রাখা হয়। আদালত বলেন, এগুলো আমরা পর্যালোচনা করে দেখব।

২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে একটি বেসরকারি টিভি চ্যানেল জাহালমের বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনের ভিত্তিতে অধিকতর তদন্ত করে দুদক। ওই বছরে দেওয়া প্রতিবেদনে বলা হয়, এজাহার ও অভিযোগপত্রে বর্ণিত আসামি মো. আবু সালেক ওরফে জাহালম (টাঙ্গাইল) প্রকৃত অপরাধী নয়। অধিকতর তদন্তে দেখা যায় মো. আবু ছালেক (ঠাকুরগাঁও) প্রকৃত অপরাধী। এই মামলায় জাহালমকে চার্জশিটভুক্ত আসামি করা হয়েছে মূলত বিভিন্ন সাক্ষীদের জবানবন্দি ও শনাক্তের ভিত্তিতে। সাক্ষীদের পুনরায় জিজ্ঞাসাবাদ করলে তারা জানান যে ছবির সাথে মিল থাকায় জাহালমকে তারা আবু ছালেক মর্মে শনাক্ত করেন।

গত ২ ফেব্রুয়ারি জাহালমের বিষয়ে একটি জাতীয় দৈনিক প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদন আমলে নিয়ে হাইকোর্ট জাহালমকে মুক্তির নির্দেশ দেয়। একইসঙ্গে দুদককে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। আদালতের নির্দেশনা মোতাবেক এ বিষয়ে গতকাল দুদক বিস্তারিত ব্যাখ্যা লিখিত আকারে হাইকোর্টে দাখিল করে।

শুনানিতে দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান বলেন, জাহালমের নির্দোষের বিষয়টি প্রমাণিত হওয়ার পরই তার বিরুদ্ধে থাকা অভিযোগ প্রত্যাহার চেয়ে বিচারিক আদালতে আবেদন করা হয়। আমি মনে করি, বিষয়টি নিয়ে আমরা সঠিক পথেই আছি। আদালত বলেন, এ ঘটনায় ১৮টি ব্যাংক জড়িত। প্রত্যেকটি ব্যাংককে মামলায় পক্ষভুক্ত করবেন। ইসলামী ব্যাংক ১৩টি চেক ইস্যু করেছে। ব্যাংকের কতজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছেন?

হাইকোর্টে জাহালম ঃ গতকাল হাইকোর্টে এসেছিলেন জাহালম। তিনি বলেন, এই প্রথম হাইকোর্টে আসলাম। এ কোর্ট জামিন দিয়েছে বলেই আমি মুক্ত। আর্থিক সমস্যা আছে তবে পরিবারের সঙ্গে থাকতে পেরে ভালো আছি। আমি রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাই।