আগের রাতে ভোট বা যেনতেন ভোটগ্রহণ মানা হবে না

নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কোনো রকমের শৈথিল্য-পক্ষপাতিত্ব মেনে নেওয়া হবে না। নির্বাচনের আগের রাতে ভোটবাক্সে ব্যালট ভরে দেওয়া কিংবা ভোটের দিন যেনতেনভাবে ভোট নেওয়া বা গণনার সময় কোনো অনিময় কোনোভাবেই মেনে নেওয়া হবে না নির্বাচন কমিশন আইনানুগ নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ। এ ব্যাপারে নির্বাচন কমিশনের জিরো ট্রলারেন্স নীতি।

গতকাল বুধবার দুপুরে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব).শাহাদাত হোসেন চৌধুরী।

তিনি আরো বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ সর্বপোরি একটি আইনানুগ নির্বাচন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে সে দায় নির্বাচন কমিশনের। তিনি উপস্থিত নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, যদি কেউ অবাধ, সুষ্ঠু ভোট গ্রহণের চাপ সহ্য করতে অপারগ মনে করেন, বলতে পারেন, আমরা দায়িত্ব থেকে অব্যাহতি দেব।’ 

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ ইসরাইল হোসেন, বিজিবি’র লে.কর্নেল মাকসুদুল হক, পুলিশ সুপার মোহাম্মদ বরকতুল্লাহ্ খান,অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরিফুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার, র্যাবের লে.কর্নেল ফয়সল আহমদ, জাতীয় নিরাপত্তা সংস্থার সহকারী পরিচালক মহ্জুর আলম, বিশ্বম্ভপুর উপজেলা নির্বাহী অফিসার সমির বিশ্বাস, সদর উপজেলা নির্বাচন অফিসার উওম কুমার রায়, সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ, ছাতক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  আতিকুর রহমান প্রমুখ।

উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ১০ মার্চ সুনামগঞ্জের ১০ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।