প্রতিরক্ষামন্ত্রণালয় থেকে চুরি হয়ে গেছে রাফাল নথি

ফ্রান্সের সঙ্গে করা রাফাল চুক্তির নথি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে চুরি হয়ে গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সুপ্রিম কোর্টকে গতকাল এই তথ্য জানিয়েছে। অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের দাবি, বিরোধীরা এই চুরি যাওয়া নথিকে আদালতে প্রমাণ হিসেবে দাখিল করেছে যা ফৌজদারি অপরাধের শামিল। একইসঙ্গে শীর্ষ আদালতে সরকার বলেছে, পাকিস্তানের এফ-১৬ মোকাবিলা করতে এবং দেশকে সুরক্ষিত রাখতে রাফাল যুদ্ধবিমানের প্রয়োজন। মামলার পরবর্তী শুনানি ১৪ মার্চ। ফ্রান্সের সংস্থা দাসো এভিয়েশনের সঙ্গে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। চুক্তিতেই দুর্নীতির অভিযোগ তুলে এবং আদালতের পর্যবেক্ষণে তদন্তের দাবিতে একাধিক মামলা দায়ের হয় শীর্ষ আদালতে। সেই মামলায় গত ১৪ ডিসেম্বর সরকারকে ক্লিনচিট দেয় সুপ্রিম কোর্ট। মামলাকারীদের সবকয়টি আবেদনই খারিজ হয়ে যায়। রায় পুনর্বিবেচনার আবেদন নিয়ে ফের মামলা হয় সুপ্রিম কোর্টে। - আনন্দবাজার পত্রিকা