ভারতে দলীয় বিধায়ককে জুতাপেটা বিজেপি এমপির

ভারতের উত্তরপ্রদেশে বৈঠকের মধ্যেই দলীয় বিধায়ককে জুতাপেটা করার অভিযোগ উঠেছে এক বিজেপি এমপির বিরুদ্ধে। রাজ্যের সন্ত কবীর নগরে এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, স্থানীয় এমপি শারদ ত্রিপাঠীর সঙ্গে এক প্রকল্পে ভিত্তিপ্রস্তরে নাম পরিবর্তন নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয় দলীয় বিধায়ক রাকেশ সিংয়ের। কিছুক্ষণ দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর পা থেকে জুতা খুলে রাকেশকে মারতে থাকেন শারদ। এরপরই নিজের চেয়ার থেকে উঠে শারদকে পাল্টা মারতে থাকেন রাকেশও। পরে পুলিশসহ অন্যান্য কর্মকর্তারা পরিস্থিতি শামাল দেন। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রাজ্য প্রশাসন। -এনডিটিভি