প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, বাংলাদেশের বিচার বিভাগ নারী সংক্রান্ত ইস্যুতে অনেক সংবেদনশীল। যা বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রায়ে প্রতিফলিত হয়েছে। তিনি বলেন, পারিবারিক সহযোগিতা ও ইতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি বিচার বিভাগ ও আইন পেশায় নারীর বলিষ্ঠ পদচারণা বৃদ্ধি করতে পারে। কাজেই ইতিবাচক পরিবর্তন আনতে হলে নারীদেরকে নবউদ্যমে পেশাদারিত্ব অর্জনের মাধ্যমে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের গার্ডেন প্রাঙ্গণে নারী আইনজীবী আয়োজিত ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের বিভিন্ন আদালতে নারী বিচারক ও আইনজীবীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে- যা সত্যিই আশাব্যঞ্জক। ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও নারীদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। সেজন্য সব ক্ষেত্রে নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। প্রধান বিচারপতি বলেন, নারীর অধিকার আদায় এবং সমমর্যাদার বিষয়টি আমাদের রাষ্ট্রীয় চিন্তা ও নীতিতেও প্রতিভাত হচ্ছে। সরকারি এবং বেসরকারি উদ্যোগের ফলে সকল ক্ষেত্রে নারীর প্রভূত উন্নয়ন ও অগ্রগতি সাধিত হয়েছে।
অনুষ্ঠানে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার প্রমুখ বক্তব্য রাখেন।