দেশের স্থলবন্দরগুলোর অবকাঠামোগত সমস্যার কারণে ব্যবসা-বাণিজ্য বিশেষ করে আমদানি-রফতানি বাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছে। তাই বন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়ন, অটোমেশন, আধুনিক ওয়্যারহাউজ, টেস্টিং ফ্যাসিলিটিজ উন্নয়নসহ বন্দরের সঙ্গে অন্যান্য স্থানের সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
রবিবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) আয়োজিত সেমিনারে এ দাবি জানানো হয়।
রাজধানীর ফেডারেশন ভবনে ‘ডেভেলপমেন্ট অব ল্যান্ড পোর্টস অ্যান্ড ল্যান্ড কাস্টমস স্টেশনস ফর ট্রেড ফ্যাসিলিটেশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহণমন্ত্রী শাজাহান খান। সম্মানিত অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এনবিআরের শুল্ক নীতি বিভাগের সদস্য মো. ফরিদ উদ্দিন এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (অডিট) মো. আবুল কালাম।
সেমিনারে সভাপতিত্ব করেন এফবিসিসিআইর সভাপতি আব্দুল মাতলুব আহমাদ।