অর্থকর্মসূচি প্রণয়নে ড. ইউনূসের সঙ্গে পরামর্শ মহারাষ্ট্র সরকারের

 
পল্লী উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন কর্মসূচি প্রণয়নে নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরামর্শ করেছে মহারাষ্ট্র সরকার।
 
মঙ্গলবার ইউনূস সেন্টারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
 
মহারাষ্ট্রে এ লক্ষ্যে আয়োজিত সভায় অর্থ ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী দীপক কেশরকার, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, উন্নয়ন কর্মকাণ্ডে নিয়োজিত সরকারের বিভিন্ন এজেন্সির প্রধান, শিক্ষাবিদ, জাতীয় পল্লী অর্থায়ন প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
 
এর আগে মুম্বাইয়ে মহারাষ্ট্র সরকারের পক্ষে অর্থ, পরিকল্পনা ও বনমন্ত্রী সুধীর মানগান্তিবার মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানান।
 
সভায় অর্থমন্ত্রী আলোচনার জন্য কিছু প্রশ্ন উত্থাপন করেন। মন্ত্রীর পরবর্তী বাজেট বক্তৃতার অংশ হিসেবে ও বাজেটে সংশ্লিষ্ট কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করতে একটি কর্মকৌশল প্রতিবেদন প্রণয়নের উদ্দেশ্যে এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছিল।
 
তিনি বিশেষ করে সামাজিক ব্যবসা সম্পর্কে এবং গ্রাম ও শহরের বেকার যুব সমাজের বেকারত্ব দূর করার কর্মসূচি সম্পর্কে জানতে চান। তিনি ও তার সহকর্মীরা জানতে চান তাদের রাজ্যে ক্ষুদ্র ঋণ কর্মসূচি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য গৃহীত ঋণ কর্মসূচিগুলো কেন ভালোভাবে কাজ করছে না এবং বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতায় কী করে এই কর্মসূচিগুলোকে ঊজ্জীবিত করা যায়।
 
এ সময় সামাজিক ব্যবসা ব্যাখ্যা করতে গিয়ে প্রফেসর ইউনূস বলেন, অর্থ উপার্জন একটি সুখকর জিনিস, তবে অন্যদের সুখী করা আরো বেশি সুখের বিষয়।
 
সভা শেষে প্রতিমন্ত্রী জানান, মৌলিক ধারণা অর্জনে আগামী নভেম্বরের দিকে তিনি রাজ্য কর্মকর্তাদের নিয়ে বাংলাদেশে একটি স্টাডি ভিজিটে আসবেন।