ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে পার্সন টু গভর্ণমেন্ট (পিটুজি) পেমেন্টের ক্ষেত্রে দেশের শীর্ষস্থানীয় পেমেন্ট প্ল্যাটফর্ম ‘এক-পে’ এর মাধ্যমে প্রয়োজনীয় পরিসেবা বিল ও ফি প্রদানের লক্ষ্যে সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মেলন কক্ষে এটুআই এবং ১১ টি আর্থিক সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান এর মধ্যে পৃথক পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ইউএনডিপি এবং ইউএসএইড-এর সহায়তায় এটুআই জনগণের পরিষেবা সহজে পরিশোধের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ। এটুআই-এর প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান, পিএএ এবং ১১ টি আর্থিক সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ বলেন,‘সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করলে সরকারি সেবার মান যেমন বৃদ্ধি পাবে, তেমনি জনগণের বিশেষ করে সুবিধাবঞ্চিত জনগণের সরকারি সেবা পেতে সময়, খরচ ও যাতায়াত সংখ্যাও কমবে। এই সমঝোতা স্মারক দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা-বহির্ভূত বৃহত্ জনগোষ্ঠীর কাছে আর্থিক সুবিধা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সাথে এই স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি বর্তমান সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নে অবদান রাখবে।’ এটুআই-এর প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘এই চুক্তিটি দেশের প্রতিটি জনগণের পরিষেবা বিল জমাদানের ক্ষেত্রে একটি যুগান্তকারি পদক্ষেপ এবং এর মাধ্যমে জনগণের ভোগান্তি অনেকাংশে হ্রাস পাবে। এছাড়া ডিজিটাল ব্যাংকিং পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে জনগণের দোরগোড়ায় আর্থিক সেবা পৌঁছে দিতে অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করবে।’ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এটুআই, সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। তথ্যপ্রযুক্তি ডেস্ক