জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বজনীন নাগরিক সংবর্ধনা প্রদানের কমিটি নিয়ে স্থানীয় আওয়ামী পরিবারে ক্ষোভ দেখা দিয়েছে। এই ক্ষোভের মধ্যেই দলের পদ-পদবী ব্যবহার করে বাংলাদেশে গিয়ে তদ্বির-বাণিজ্যের হদিসও উদঘাটিত হচ্ছে।
নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২৭ সেপ্টেম্বর দুপুরে সার্বজনীন নাগরিক সংবর্ধনা প্রদানের জন্যে ১১০০ জনের একটি কমিটি ঘোষণা করা হয়েছে ১১ সেপ্টেম্বর দুপুরে। এরপরই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ এবং যুবলীগে অসন্তোষ সৃষ্টি হয়েছে। ‘হাই কমান্ডের দোহাই’ দিয়ে সংগঠনের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান কর্তৃক এককভাবে ঘোষিত এই কমিটি প্রত্যাখাণের ঘোষণা দিয়ে আগামী ৪৮ ঘন্টার মধ্যে সর্বস্তরের নেতা-কর্মী নিয়ে সমাবেশের মাধ্যমে নয়া সংবর্ধনা কমিটি গঠনের আল্টিমেটাম দিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, প্রচার সম্পাদক হাজী এনাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডার, সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী এবং সেক্রেটারি ইমদাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের আহবায়ক আনোয়ার হোসেনসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী।
১১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ব্রুকলীনে রাধুনি রেস্টুরেন্টে শেখ হাসিনার নিউইয়র্কে আগমন উপলক্ষে মহানগর আওয়ামী লীগের টাউন হল মিটিংয়ে উপস্থিত সর্বস্তরের নেতা-কর্মী সংবর্ধনা কমিটিকে সমস্বরে প্রত্যাখ্যানের শ্লোগান দেন। শুক্রবার দুপুরে সর্বজনীন সংবর্ধনা প্রদানের ঐ কমিটির তালিকা প্রকাশের পরই ক্ষোভে ফেটে পড়েন নেতা-কর্মীরা। টাউন হল মিটিংয়ে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডার। প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, প্রচার সম্পাদক হাজী এনাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, উপদেষ্টা মোহাম্মদ হানিফ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জাহাঙ্গির হোসেন, নির্বাহী সদস্য রফিক পাটোয়ারি, মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, সহসভাপতি মাসুদ হোসেন সিরাজি, যুগ্ম সম্পাদক নূরল আলম বাবু, উপদেষ্টা মোহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ।
সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, ‘সভাপতি ড. সিদ্দিকুর রহমানকে কর্মী সভা ডেকে সকলের মতামতের ভিত্তিতে সংবর্ধনা কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিলাম। সে অনুযায়ী কর্মী সভা আহবানও করেছিলাম। কিন্তু সে কর্মী সভা তিনি (ড. সিদ্দিক) এককভাবে বাতিল করে দিয়েছেন এবং তার কতিপয় লোকের মদদে ঐ কমিটি ঘোষণা করেছেন।’
খবর এনআরবি নিউজের।