প্রতি বছর ৮ মার্চ পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বব্যাপী পালিত এ দিবসকে সামনে রেখে এবং নারী উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে বড় প্রদর্শনী বেসিস সফটএক্সপোর ১ম নারী আহ্বায়ক এবং বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ. রহমান।
তথ্যপ্রযুক্তি খাতে নারীদের এগিয়ে যাওয়ার জন্যে সরকারের গৃহীত পদক্ষেপসমূহের কারণে বেড়েছে নারীদের অংশগ্রহণ। পাশাপাশি তাদের দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানসমূহ অর্জন করে চলেছে সাফল্য। তথ্যপ্রযুক্তি খাতে অবদান রেখে চলা নারীদের অর্জনকে সম্মান জানাচ্ছে বেসিস সফটএক্সপো। সফটএক্সপোত উইমেন জোনে উঠে আসবে তাদের সাফল্যগাঁথা।
বেসিস সফটএক্সপো ২০১৯-এ প্রথমবারের মতো ৬টি নারীদের দ্বারা পরিচালিত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান সেবা ও পণ্য প্রদর্শনের সুযোগ পাবেন। পাশাপাশি, বেসিস সফটএক্সপোতে উইমেন জোনের অংশিজন ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার এবং কমনওয়েলথের যৌথ উদ্যোগে পরিচালিত ‘শি-ট্রেডস’ প্রকল্প আরো ৮টি নারীদের দ্বারা পরিচালিত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানকে সেবা ও পণ্য প্রদর্শনের সুযোগ করে দিচ্ছে।
এছাড়া যেকোন সময় বেসিসের উইমেন্স ফোরামে যোগাযোগের মাধ্যমে বেসিস সদস্য, সদস্য ব্যাতীত যেকোন প্রতিষ্ঠান, ব্যক্তিবিশেষ এমনকি শিক্ষার্থীরাও সফটওয়্যার সংক্রান্ত কাজ বা ব্যবসা সম্পর্কে তথ্য নিতে পারবেন।
এ বিষয়ে বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি বলেন, বর্তমানে পুরুষের পাশাপাশি নারীরাও সফটওয়্যার ও টেকনোলজি খাতে সমান অবদান রাখছেন। অন্যান্য যে কোন ব্যবসার চেয়ে সফটওয়্যার ব্যবসায় চিন্তার প্রতিফলন খুব দ্রুত পাওয়া যায়। তাই উদ্যোগী ও সৃজনশীল নারীদের জন্য যে কোন সহায়তা করবে বেসিস।
সফটএক্সপো ২০১৯-এর প্রদর্শনী এলাকার ১০টি জোনের মধ্যে উইমেন জোন অন্যতম। আগ্রহী যে কেউ বেসিস সফটএক্সপোর ওয়েবসাইটে (http://softexpo.com.bd/) গিয়ে নিবন্ধন করে বিনামূল্যে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।