বিশ্বব্যাপী অসমতায় ক্ষুণ্ন হচ্ছে মানবাধিকার :ব্যাচেলে

 

বিশ্বজুড়ে অসমতা বাড়তে থাকার নেতিবাচক প্রভাব সম্পর্কে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল ব্যাচেলে। আয়, সম্পদ ও  ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে বাড়তে থাকা বৈষম্য থেকে অসন্তোষ ও বিক্ষোভ ছড়িয়ে পড়ার হুমকির ব্যাপারে সতর্ক করেছেন তিনি।

জাতিসংঘ মানবাধিকার পরিষদে দেওয়া বক্তৃতায় ভারতে মুসলমানদের হয়রানির বিরুদ্ধে সতর্কতা উচ্চারণ করেন ব্যাচেলে। তিনি বলেন, নরেন্দ্র মোদী সরকারের অধীনে সংখ্যালঘু বিশেষত মুসলমানদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, দেশটির ‘বিভেদ সৃষ্টিকারী নীতিসমূহ’ অর্থনৈতিক প্রবৃদ্ধিকে দুর্বল করতে এবং সংকীর্ণ রাজনৈতিক এজেন্ডা বিদ্যমান অসমতার সমাজে প্রান্তিক জনগোষ্ঠীকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

গাজায় অবরোধ সৃষ্টির কারণে ব্যাচেলে ইসরাইলের সমালোচনা করেন। গত বছর গাজা-ইসরায়েল সীমান্তে ফিলিস্তিনিদের গণবিক্ষোভ দমাতে ইসরায়েলি সেনাবাহিনী যেভাবে অস্ত্র ব্যবহার করে মানুষ হত্যা করেছে তাকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা হতে পারে বলে গত সপ্তাহে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ব্যাচেলে তার বক্তৃতায় সুদান, হাইতি এবং ফ্রান্সে বিক্ষোভের যে আগুন জ্বলছে তার কথা উল্লেখ করেন। ঘৃণামূলক বক্তব্য এবং বিদেশিদের নিয়ে অহেতুক আতঙ্কের বিষয়েও সতর্ক করেছেন তিনি। তিনি বলেন, ‘আমরা সম্প্র্রতি কয়েকমাস ধরেই বিশ্বজুড়ে অসন্তুষ্ট লোকজনকে রাস্তায় নেমে বিক্ষোভ করতে দেখছি।’ বৈষম্যের বিরুদ্ধে নাগরিকদের বিক্ষোভ দমাতে ‘নৃশংসতা, সরকারি বাহিনী লেলিয়ে দেওয়া, বিনা বিচারে আটক, নির্যাতন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘সুদানে বেশ কয়েক মাস ধরে চরম অর্থনৈতিক পরিস্থিতির বিরুদ্ধে জনগণ আন্দোলন করছে। বিক্ষোভ দমাতে সেখানকার দুর্বল সরকার ব্যবস্থা নিরাপত্তা বাহিনীকে লেলিয়ে দিয়েছে, মাঝে মাঝে বিক্ষোভকারীদের উপর গুলিও ছোড়া হচ্ছে।’