দেড়শ কোটি মানুষকে কৃমিমুক্ত করার লক্ষ্যে কর্মসূচির আহ্বান

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক, বিশ্বের দেড়শ কোটি মানুষকে কৃমিমুক্ত করার লক্ষ্যে কর্মসূচি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে জানিয়েছে, পুরো পৃথিবী থেকে কৃমি নির্মূল করতে গেলে এই পরজীবী প্রাণী ওষুধ-প্রতিরোধী হয়ে উঠতে পারে।
 
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে যেসব দেশে কৃমির প্রকোপ বেশি, সেখানে স্কুলগামী শিশুদের মধ্যে এ ধরনের কর্মসূচি চালাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
 
এর আওতায় ২০১৩ সালে ঝুঁকিপূর্ণ দেশগুলোর ৩৬ কোটি ৮০ লাখ শিশুকে কৃমির ওষুধ দেয়া হয়েছে।  প্রতি বছর ঝুঁকিতে থাকা শিশুদের অন্তত ৭৫ শতাংশকে কৃমির ওষুধ দেয়ার লক্ষ্য রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। পৃথিবীর এক চতুর্থাংশ মানুষ কৃমি সমস্যায় ভুগছেন।
 
দূষিত খাবার ও পানি গ্রহণ করলে, কৃমিতে আক্রান্ত ব্যক্তির মলের মাধ্যমে অথবা মাটি থেকে ত্বকের মধ্যে দিয়ে মানুষের দেহে প্রবেশ করে কৃমি।
 
গবেষক দলের প্রধান ড. জেসন এন্ড্রু বলেন, আমাদের গবেষণার ফলাফল বলছে, এতোদিন আমরা যেভাবে কৃমির চিকিৎসা দিচ্ছি, তারচেয়ে আরও বড় পরিসরে কৃমি নির্মূলে কর্মসূচি নেয়া সম্ভব।