কচুয়ায় আলুর বাম্পার ফলন হলেও দাম নিয়ে বিপাকে পড়েছে কৃষকরা। গত দুই বছর আলুর ফলন গৃহে তোলার আগ মুহূর্তে কচুয়ার বিভিন্ন এলাকায় অতিবৃষ্টির ফলে শত শত মণ আলু নষ্ট হয়ে যায়। কিন্তু এ বছর কাঙ্ক্ষিত ফলন হলেও অতি বৃষ্টির ফলে এবং কাঙ্ক্ষিত দাম না থাকায় খরচ পুষিয়ে হিমশিম খাচ্ছে কৃষকরা।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, কচুয়া পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নে এ বছর মোট দুই হাজার ২৬০ হেক্টর জমিতে আলু চাষাবাদ হয়েছে। তন্মধ্যে অতি বৃষ্টির কারণে ২৫০ হেক্টর আলুর জমি নষ্ট হয়।
স্থানীয় কৃষক মনির হোসেন জানান, প্রতিমণ আলু যেখানে ৮শ’ থেকে ৯শ’ টাকা হওয়ার কথা সেখানে আলুর বর্তমান বাজার মূল্য মণ প্রতি ৩শ’ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে বাম্পার ফলন হলেও ন্যায্য দাম না পাওয়ায় হতাশ আমরা আলু চাষিরা।
কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব জানান, চলতি মৌসুমে কচুয়ায় আলুর ভালো ফলন হলেও ন্যায্য দাম না পাওয়ায় কৃষকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। তবে এসব ক্ষতি পুষিয়ে তুলতে কৃষকদের ভুট্টার আবাদ করতে পরামর্শ দেওয়া হচ্ছে।