রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত

ঝালকাঠির রাজাপুরে পল্লীবিদ্যুৎ কর্মকর্তার অবহেলায় বিদ্যুৎস্পৃষ্টে মোঃ রাকীব হোসেন রাব্বি (২২) নামের এক শিশু শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় হাসিবুর রহমান, হারুন হাওলাদার, পারভেজ, নয়ন ও মনিরুজ্জামান নামে ৫ জন আহত হয়। 

মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলা সদরে পূর্ব রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাব্বি আর.ই.বির তালিকাভুক্ত ঠিকাদার মিন্টুর অধীনে নতুন লাইন স্থাপনের শ্রমিক হিসেবে কাজ করতো। রাজাপুর পল্লী বিদ্যুতের এজিএম রাজন কুমারের ভুল ইনফরমেশনে চলন্ত লাইনে কাজ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত্যুদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে। নিহত রাব্বি উপজেলার সাতুরিয়া গ্রামের মোঃ ইউনুছ আলীর ছেলে। তিনি উপজেলার পূর্ব সাতুরীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৪ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেন। আহতরা বর্তমানে বরিশাল সেবাচিমে চিকিৎসাধীন।

আহত মনিরুজ্জামান জানান, পল্লীবিদ্যুতের নতুন লাইন সংযোগের কাজ করার সময় রাজাপুর সাব জোনাল অফিসের এজিএম রাজন কুমার দাসের কাছে লাইন শাটডাউন চাওয়া হয়। এজিএম ঐ সময় রাজাপুর সাব-স্টেশনের দায়িত্বে থাকা লাইনম্যানকে তাদের প্রয়োজন অনুযায়ী শাটডাউন দেওয়ার জন্য বলে। পরে কাজ করার সময় সাব-স্টেশনে ফোন দিলে সে বলে লাইন শাটডাউন দিয়েছি। কিন্তু তিনি আদৌ শাটডাউন দেননি। 

নিহত রাব্বির আরেক সহকর্মী জানান, ঝালকাঠি পল্লীবিদ্যুৎ সমিতির রাজাপুর সাব-জোনাল অফিস থেকে লাইন শাটডাউন দেওয়া হয়েছে মর্মে সংবাদ দেওয়ার পর তারা ওই কাজ শুরু করে। এক পর্যায়ে নিহত রাব্বিসহ আহতরা ১১ হাজার কেভিএ লাইনের সংলগ্ন একটি খুঁটি বসানোর কাজ করতে গেলে ১১ হাজার কেভিএ বিদ্যুৎ চলন্ত অবস্থায় থাকার কারণে বিদ্যুতের তারে ও পাশে থাকা কাঁচাগাছে আগুন ধরে যায়।

নিহতের পরিবারের দাবি, পল্লীবিদ্যুৎ অফিসের দায়িত্বরত কর্মকর্তার গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে রাজাপুর সাব-জোনাল অফিসের এজিএম রাজন কুমার দাস বলেন, আমাকে বলেছে ৩ নাম্বার ফিডে কাজ করার কথা। কিন্তু তারা কাজ করছিল ৬ নাম্বার ফিডে।

রাজাপুর থানা পুলিশ জানান, রাজাপুর থানা একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/নূহু