কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি নামের বানান পরিবর্তন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি নামের বানান পরিবর্তন করা হয়েছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।  ২০১৮ সালের ২ এপ্রিল অনুষ্ঠিত নিকার-এর ১১৫তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা জেলার ইংরেজি নামের বানান Comilla এর পরিবর্তন করে Cumilla হিসেবে সংশোধন করা হয়েছে। সে অনুযায়ী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি নাম Comilla University এর পরিবর্তে Cumilla University করে সিন্ডিকেটের ৭২তম সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের বলেন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটসহ সব ধরনের আনুষঙ্গিক কাগজপত্র পরিবর্তন করতে হবে। নতুন সনদপত্র বর্তমান নামেই হবে। তবে আগে যারা সনদপত্র তুলে নিয়েছেন তাদের সমস্যা হলে পরিবর্তন করে নিতে পারবেন।