সীতাকুণ্ডে চার ডাকাত গ্রেপ্তার অস্ত্র ও গুলি উদ্ধার

সীতাকুণ্ডে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত ধরতে গিয়ে ডাকাত-পুলিশ গুলি বিনিময়ে মডেল থানার অফিসার ইনচার্জসহ পুলিশের ৬ আহত হয়েছে। তবে পুলিশ ডাকাত ৬ জনকে আটক করে এবং অন্য ডাকাতদের ফেলে যাওয়া অত্যাধুনিক অস্ত্রসহ ডাকাতি কাজে ব্যবহূত মালামাল উদ্ধার করেছে।

জানা যায়, গত বুধবার গভীর রাতে পুলিশ সলিমপুর ইউনিয়নস্থ ফকিরহাট কাজীপাড়ার ইউসুফ আলী বাড়ির সেমিপাকা টিনশেড ঘরের ভিতর ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ পরিদর্শক শ্রী সুমন বনিক ঘটনাস্থলে যায়। এদিকে অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রাণী সাহা, মডেল থানার অফিসার ইনচার্জ মো. দেলওয়ার হোসেন, ওসি (তদন্ত) মো. আফজাল হোসেন, ওসি (অপারেশন) মো. জাব্বারুল ইসলামসহ পুলিশ অফিসাররা ঘটনাস্থলে যাওয়া মাত্র ডাকাতরা তাদের ওপর গুলি বর্ষণ করে। এতে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি বিনিময় করলে ওসিসহ ছয় জন আহত হয়। এ সময় পুলিশ ডাকাত চারজনকে ধরতে সক্ষম হয়। ডাকাতদের ফেলে যাওয়া একটি রকেট লঞ্চার, একটি এক নলা বন্দুক, একটি টুটু বোর রাইফেল, একটি এলজি, আটটি রকেট লঞ্চার সেল, ১৮টি কার্তুজ গুলিসহ ডাকাতি কাজে ব্যবহূত মালামাল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করে। আটক ডাকাতরা হলো—মো. সোহাগ, মো. সালাউদ্দিন, মো. কামরুল হাসান ও রবিউল হাসান জুয়েল।

আহত অফিসার ইনচার্জ মো. দেলওয়ার হোসেন বলেন, আটক আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা আছে। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র মামলা, ডাকাতির প্রস্তুতি মামলা ও পুলিশের উপর হামলার অভিযোগে মামলা দায়ের করা হবে।