ক্যালিফোর্নিয়ায় দাবানলে আরো দুজনের মৃত্যু

 
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানলে আরো দুই জনের মরদেহ পাওয়া গেছে। এই নিয়ে প্রাকৃতিক এই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়াল। খবর এএফপির।
 
 
তথাকথিত ভ্যালি ফায়ারে ওই দুজন মারা গেছেন। যে দুটি বিরাট দাবানলে কয়েক হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে এবং খরা কবলিত এলাকাটির হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে, এটি তার একটি।
 
পুলিশ শিকারী কুকুরকে সঙ্গে নিয়ে তল্লাশি চালানোর সময় তাদের মরদেহ উদ্ধার করে।
 
লেক কাউন্টির শেরিফের মুখপাত্র স্টিভেন ব্রুকস বলেন, ‘হিডেন ভ্যালি ও অ্যান্ডারসন স্পিংস এলাকায় লোকগুলোর মরদেহ পাওয়া যায়।’
 
এই দুই জনের মধ্যে ব্রুস বেভেন বার্নস মঙ্গলবার এবং লিওনার্দো নেফট সোমবার থেকে নিখোঁজ ছিলেন।
 
ভ্যালি ও বুটে দাবানলে এর আগে তিন জন প্রাণ হারায়। এদের দুজন সিয়েরা নেভাদা পর্বতের পাদদেশে এবং তৃতীয় জন লেক কাউন্টিতে প্রাণ হারান।
 
ক্যালিফোর্নিয়া বন ও দাবানল প্রতিরক্ষা বিভাগের (ক্যালফায়ার) মুখপাত্র লিনেট জানান, প্রাকৃতিক এই দুর্যোগটিতে বাস্তুচ্যুত প্রায় ১৭ হাজার মানুষ এখনো তাদের বাড়ি ফিরে যেতে পারেনি।
 
রাজ্যটিতে দাবানল নিয়ন্ত্রণে প্রায় ১৩ হাজার দমকল কর্মী মোতায়েন রয়েছে।