অভিবাসীদের হাঙ্গেরির দিকে নিয়ে যাচ্ছে ক্রোয়েশিয়া

 
ক্রোয়েশিয়া থেকে অভিবাসন প্রত্যাশীদের হাঙ্গেরির সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী জোরান মিলানোভিক বলেছেন, তার দেশ অভিবাসীদের 'হটস্পট' হতে পারে না। সার্বিয়ার সাথে আটটির মধ্যে সাতটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে ক্রোয়েশিয়া।
 
শুক্রবার প্রায় ২০ টি বাসে করে অভিবাসন প্রত্যাশীদের হাঙ্গেরির সীমান্তে নিয়ে যাওয়া হয়। তবে হাঙ্গেরি বলছে ওই সীমান্তটিতে নতুন করে বেড়া নির্মাণ করছে তারা। সীমান্ত অতিক্রম করে হাঙ্গেরিতে প্রবেশকে অবৈধ ঘোষণা করে নতুন একটি আইন পাশ করেছে দেশটি।
 
এর আগে হাঙ্গেরি তার সীমান্ত বন্ধ করে দেয়ায় ক্রোয়েশিয়ামুখী হয় অভিবাসীদের ঢল। হাঙ্গেরি সীমান্তে বিক্ষুব্ধ অভিবাসীদের ওপর টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহারের পর বৃহস্পতিবার হাজার হাজার অভিবাসী ক্রোয়েশিয়া সীমান্তে গিয়ে পৌঁছায়।
 
ক্রোয়েশিয়ার পুলিশ অভিবাসীদের ঠেকিয়ে রাখার চেষ্টা করলে অভিবাসীরাও ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা বার বার পুলিশকে অনুরোধ করতে থাকে তাদের ঢুকতে দেয়ার জন্য। হাজার হাজার মানুষের চাপে এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে যায়। এসময় শয়ে শয়ে মানুষ ঢুকে পড়ে দেশটিতে। সূত্র: বিবিসি