মার্কিন বাহিনীতে প্রথমবারের মত শীর্ষপদ পেলো সমকামী হিসাবে পরিচিত এরিক ফ্যানিং। মার্কিন সামরিক বাহিনীর ইতিহাসে প্রথম সমকামী হিসেবে বাহিনীর সেক্রেটারি পদের জন্য তাকে মনোনীত করলেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
এরিকের মনোনয়নে সমর্থন জানিয়ে ওবামা বলেন, "বহু দিন ধরেই বিভিন্নি গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন এরিক। তার অভিজ্ঞতাও প্রচুর। আশা করি নতুন দায়িত্বও তিনি সঠিক ভাবেই পালন করবেন।"
সমকামীদের অধিকার এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সমকামীদের নিয়োগ নিয়ে বহু দিন ধরেই আন্দোলন চালাচ্ছিলেন ফ্যানিং। নিজেও কাজ করেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। গত ২৫ বছর ধরে কংগ্রেস এবং পেন্টাগনের বিভিন্ন দায়িত্ব সামলানো ফ্যানিং ছিলেন নিরাপত্তা সচিব অ্যাশ কার্টারের বিশেষ সচিব এবং চিফ অব স্টাফ।
সরাসরি নিরাপত্তা সচিবের তত্ত্বাবধানে মার্কিন বাহিনীর এই পদটি একটি অরাজনৈতিক পদ। বাহিনীর আন্ডার সেক্রেটারি হিসাবে কাজ করা ফ্যানিংয়ের জাতীয় নিরাপত্তা বিষয়ে দক্ষতা রয়েছে। বায়ুসেনার আন্ডার সেক্রেটারি হিসাবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
এরিকের মনোনয়নকে স্বাগত জানিয়েছেন পেন্টাগনের প্রধান কার্টার। তাঁর মতে, "ফ্যানিং এলে বাহিনী আরো শক্তিশালী হবে।"