ভারতের হাইকমিশনার এবং ইতালি, তানজানিয়া, আজারবাইজান ও উজবেকিস্তানের রাষ্ট্রদূতগণ পৃথক পৃথকভাবে গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তাদের পরিচয়পত্র পেশ করেছেন। ভারতের নতুন হাইকমিশনার হলেন- রীভা গাঙ্গুলি দাস এবং রাষ্ট্রদূতেরা হলেন- ইতালির এনরিকো নুনজিয়াতা, তানজানিয়ার বারাকা হারান লুভান্ডা, আজারবাইজানের আশরাফ ফরহাদ শিখালিয়েভ ও উজবেকিস্তানের ফারহদ আরজিয়েভ।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি ব্যবসা ও বাণিজ্য সম্পর্ক জোরদারে বাংলাদেশ ও নিজ নিজ দেশের স্বার্থে রাষ্ট্রদূতদের সকল সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেন। ভারতের হাইকমিশনারের সঙ্গে সাক্ষাত্কালে রাষ্ট্রপতি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আন্তরিক সহায়তার জন্য ভারতের জনগণ ও সরকারের প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাত্কালে রাষ্ট্রপতি বাংলাদেশে বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে উল্লেখ করে ইতালিকে এখানে বিনিয়োগের সম্ভাবনা খুঁজে দেখার আহ্বান জানান। দূতরা বাংলাদেশে তাদের নিজ নিজ দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।