ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মীয়গুরু পোপ ফ্রান্সিস বলেছেন কিউবা ও যুক্তরাষ্ট্র নিজেদের সম্পর্ক উন্নয়নের যে উদ্যোগ নিয়েছে তা বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে। প্রথমবারের মতো কিউবা সফরকালে পোপ এই কথা বলেন।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ কমিউনিস্ট কিউবার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের শীতল সম্পর্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে থেকে পুজিবাদ ও সমাজতন্ত্রের স্নায়ুযুদ্ধের সময় থেকে। ফিদেল ক্যাস্ট্রোর কিউবার উপরে অর্থনৈতিক অবরোধ আরোপ করে রেখেছিল মার্কিন কর্তৃপক্ষ, আর তাদের বিরুদ্ধে কিউবাও সবসময় সরব থেকেছে। গত বছর পোপ ফ্রান্সিস গোপনে এই দুই দেশের কূটনৈতিক আলোচনার যোগসূত্র হিসেবে কাজ করেন।
IMG0
কিউবায় দশদিনের সফরে হাভানা বিমানবন্দরে নেমেই তিনি বলেন, আমি চাইবো বিশ্বজুড়ে রাজনৈতিক নেতারা কিউবা ও আমেরিকা যে দৃষ্টান্ত স্থাপন করেছে সেটি অনুসরণ করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সহায়তা করায় পোপকে ধন্যবাদ জানান কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো। ভাই ফিদেলের মতোই কট্টর কমিউনিস্ট এই প্রেসিডেন্ট এই সুযোগে মার্কিন অর্থনৈতিক অবরোধের সমালোচনা করে বলেন, আমরা অর্থনৈতিক অবরোধ, আক্রমণ ও অসংখ্য মানুষের মৃত্যুর মধ্যেও নিজেদের মানবতা ও আন্তর্জাতিকতাবাদের মডেল হিসেবে উপস্থাপন করতে পেরেছি।
গত ডিসেম্বরে দুই দেশের আলোচনায় অগ্রগতি হওয়ার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কিউবার উপর অর্থনৈতিক অবরোধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। গত শুক্রবারে নিজের নির্বাহী ক্ষমতা ব্যবহার করে কিউবার উপর অর্থনৈতিক অবরোধ সীমিত করেছেন যা এই উদ্দেশ্যে তার দ্বিতীয় উদ্যোগ। রয়টার্স