বকেয়া দাবিতে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। বকেয়া বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে ঐ এলাকার স্ট্যান্ডার্ন্ড গ্রুপের একটি গার্মেন্টসের শ্রমিকরা গতকাল বৃহস্পতিবার সকালে প্রায় দুই ঘণ্টা এই বিক্ষোভ করেন। এ সময় মগবাজার-মহাখালী সড়কে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সকালে অফিসমুখী মানুষসহ বিভিন্ন গাড়ির সাধারণ যাত্রীরা। পুলিশ সাড়ে ৯টার দিকে বিক্ষোভকারীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। এরপরই যান চলাচল স্বাভাবিক হয়। তবে স্বাভাবিক হতে দীর্ঘ সময় লেগেছে।