শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, গত আড়াই হাজার বছরের ইতিহাসে এমন কোনো ভাষণ খুঁজে পাওয়া যাবে না, যে ভাষণ শুনে ৭ কোটি নিরস্ত্র মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ এতই বিরল যে, পৃথিবীর আর কোনো ভাষণ এত বেশি মানুষ শুনে নাই। এখনও শুধু দেশে নয়, বিদেশে এই ভাষণ শোনে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে বাংলাদেশ ন্যাশনাল কমিশন অব ইউনেস্কোর আয়োজনে ইউনেস্কোর ইন্টারন্যাশনাল মোমোরি অব দি ওয়ার্ল্ভ্র রেজিস্টারভুক্ত সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের উপর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো: সোহরাব হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, কথা সাহিত্যিক সেলিনা হোসেন, ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুনলে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. অরুনা বিশ্বাস, বাংলাদেশ ন্যাশনাল কমিশন অব ইউনেস্কোর ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. মনজুর হোসেন প্রমুখ।
মহিবুল হাসান চৌধুরী বলেন কালের আবর্তে অনেক কিছুই হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার মধ্যেও কিছু বিষয় আছে কালজয়ী। বঙ্গন্ধুর ৭ই মার্চের ভাষণ এই রকমেরই একটি ভাষণ।
মো:সোহরাব হোসাইন বলেন, ৭ মার্চের ভাষণের মাধ্যমে বাঙালির ২৩ বছরের চাওয়া ও বঞ্চনা প্রতিফলিত হয়েছে। ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুনলে বলেন, ৭ই মার্চের ভাষণ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে।
কথা সাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ৭ই মার্চের ভাষণ এমন একটি কবিতা, যে কবিতার প্রতিটি পংক্তি গবেষণার দাবি রাখে।