সন্ত্রাসী হামলার শঙ্কায় আরো একবার বন্ধ করা হল আইফেল টাওয়ার প্রদর্শনী। স্থানীয় সময় ভোর ৯টায় এক ব্যক্তি পিঠে বড় ব্যাগ নিয়ে আইফেল টাওয়ারে ওঠার চেষ্টা করলে নিরাপত্তা কর্মীরা হঠাৎ করেই বন্ধ করে দেয় আইফেল টাওয়ার প্রদর্শনী।
বিষয়টা অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার সন্ত্রাসী হামলা আশঙ্কায় বন্ধ করা হয়েছিল আইফেল টাওয়ারের প্রদর্শনী।
ইন্টারন্যাশনাল বিজনেস টামসে প্রকাশিত এক প্রতিবেদনে আইফেল টাওয়ারে দায়িত্বরত এক পুলিশ জানায়, এক ব্যক্তি পিঠে বড় ব্যাগ নিয়ে আইফেল টাওয়ারের কাছে প্রদর্শনী শুরু হওয়ার ১ ঘণ্টা আগে থেকে অবস্থান নেয়। ফলে নিরাপত্তা কর্মীরা সতর্ক হয়ে যায় এবং দ্রুত আইফেল টাওয়ার দেখতে আসা পর্যটকদের সেখান থেকে অন্যত্র নিয়ে যায়।
উল্লেখ্য, এ বছর জানুয়ারি মাসে ফ্রান্সের একটি রেলস্টেশনে বন্দুক হামলার পর থেকে আইফেল টাওয়ারের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করেছে ফ্রান্স। বর্তমানে আকর্ষণীয় এই টাওয়ারটির নিরাপত্তার দায়িত্বে রয়েছে দেশটির সেনাবাহিনী।