টাইমস অব ইন্ডিয়ার কলকাতা সংস্করণের সম্পাদক আর নেই

 
ভারতের প্রখ্যাত টাইমস অব ইন্ডিয়া পত্রিকার কলকাতা সংস্করণের সম্পাদক সুমিত সেন আর নেই। স্থানীয় সময় রবিবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। সুমিত সেন ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
 
সুমিত সেনের মৃত্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক জানিয়েছেন। মৃত্যুর খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে যান শেষ শ্রদ্ধা জানাতে। টুইটারে শোক বার্তায় তিনি বলেছেন, ‘আজ একটা দুঃখের রবিবার। আমার প্রিয় সাংবাদিকদের অন্যতম সুমিত সেন আর নেই। ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় এভাবে চলে যাওয়া একটি বিরাট ট্রাজেডি।’
 
সুমিত সেন কর্মজীবন শুরু করেছিলেন ইংরেজি দৈনিক দ্য স্টেটসম্যান পত্রিকায় অপরাধ বিষয়ক প্রতিবেদক হিসেবে। তিনি হিন্দুস্তান টাইমস পত্রিকায়ও সাংবাদিকতা করেছেন। ২০০৩ সালে তিনি টাইমস অব ইন্ডিয়ায় যোগ দেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।