শিল্পঋণ বিতরণ বেড়েছে ব্যাংকের

২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশের ব্যাংকগুলো আগের অর্থবছরের তুলনায় ৩০ দশমিক ২৩ শতাংশ বেশি শিল্প ঋণ বিতরণ করেছে। বিদায়ী অর্থবছরে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো শিল্প খাতে মোট ২ লাখ ১৯ হাজার ৩৩০ কোটি টাকার ঋণ বিতরণ করেছে।
 
শিল্প ঋণ বিষয়ক বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনের তথ্য থেকে এসব জানা গেছে। 
 
২০১৩-১৪ সালের তুলনায় তা ৫১ হাজার কোটি টাকা বেশি। ওই বছর ১ লাখ ৬৯ হাজার কোটি টাকার শিল্প ঋণ বিতরণ হয়েছিল। 
 
তৈরি পোশাক শিল্প কারখানার আধুনিকায়নের কারণে শিল্প খাতে ঋণ বিতরণ বেড়েছে বলে মনে করা হচ্ছে।
 
রাজনৈতিক পরিস্থিতি শান্ত থাকায় ব্যবসায়ী ও উদ্যোক্তারা বিনিয়োগে ঝুঁকছেন বলে সংশ্লিষ্টরা জানান।
 
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবছরে বড় শিল্পে ১ লাখ ৬৬ হাজার ৮৫১ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে, যা মোট শিল্প ঋণের ৭৬ শতাংশ।
 
আগের অর্থবছর বড় শিল্পে ১ লাখ ১৭ হাজার ৯৯৩ কোটি টাকা ঋণ বিতরণ হয়েছিল, যা ছিল ওই বছরে বিতরণ করা ঋণের ৭০ ভাগ।
 
বিদায়ী অর্থবছর মাঝারি শিল্পে ৩৪ হাজার ৯৮৮ কোটি টাকার ঋণ বিতরণ হয়েছে। আগের অর্থবছরের তুলনায় যা ৫ দশমিক ১২ শতাংশ কম।আর ক্ষুদ্র শিল্পে বিতরণ করা হয়েছে ১৭ হাজার ৪৯১ কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ২৯ দশমিক ১৩ শতাংশ বেশি।
 
২০১৪-১৫ অর্থবছরে বড় ও ক্ষুদ্র শিল্পে ঋণ বিতরণ বাড়লেও কমেছে মাঝারি শিল্পে।
 
বেসরকারি খাতের ব্যাংকগুলো গত অর্থবছর এক লাখ ৭১ হাজার ৩১৫ কোটি টাকার শিল্প ঋণ বিতরণ করেছে। আগের অর্থবছর এসব ব্যাংকের বিতরণ করা ১ লাখ ৩৪ হাজার ১৫৪ কোটি টাকার তুলনায় যা ২৭ দশমিক ৭০ শতাংশ বেশি।
 
বিদেশি মালিকানার ব্যাংকগুলো শিল্প খাতে ২৯ হাজার ৪৯ কোটি টাকা ঋণ দিয়েছে। আগের বছর বিতরণ হওয়া ১৮ হাজার ৯৫৬ কোটি টাকার তুলনায় যা ৫৩ দশমিক ১২ শতাংশ বেশি।