তাইওয়ানের উত্তরাঞ্চলীয় উপকূলের অদূরে মালবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষের পর নৌকা ডুবে গেলে পাঁচ জনের প্রাণহানি ঘটে। নিখোঁজ হয় আরো চারজন। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চলছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা সোমবার জানান, শুক্রবার সংঘর্ষের পর নৌকার তাইওয়ানি ক্যাপ্টেন, তিনজন চীনা ও এক ইন্দোনেশীয় ক্রুর লাশ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কোস্টগার্ডের এক মুখপাত্র বলেন, সংঘর্ষের পর মাছ ধরার নৌকার আরো তিন ইন্দোনেশীয় ও এক চীনা ক্রু নিখোঁজ হয়। তাদের উদ্ধারে তৎপরতা চলছে।
তাইয়ুন নগরীর কাছে চুউই বন্দরের অদূরে ৪৮ টনবিশিষ্ট মাছ ধরার নৌকা সি হুই ৩১ এর সঙ্গে আট হাজার টনবিশিষ্ট নুড়িপাথরবাহী একটি জাহাজের ধাক্কা লাগে।
মালবাহী জাহাজের দ্বিতীয় কর্মকর্তা তাইওয়ানের নাগরিক সেং তে-রং ও দায়িত্বরত এক ফিলিপিনো নাবিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে শনিবার তারা জামিনে ছাড়া পান।
তাওইয়ুন নগরীর প্রসিকিউটরের কার্যালয়ের মুখপাত্র ওয়াং জি-ওয়েন বার্তা সংস্থা এএফপি’কে বলেন, প্রাথমিক তদন্তে ওই দুইজনকে সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। বাসস